সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল

Published: October 12, 2026, 3:45 pm

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধ আরোপ করায় ঢাকা থেকে নিয়মিত পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। গত শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত সময়ের মধ্যে এসব ফ্লাইট বাতিল ও স্থগিতের ঘটনা ঘটে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ৫ হাজার ৪১৮ জন যাত্রী এই পরিস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটের তালিকায় সৌদিগামী সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও রয়েছে। মোট ৫১টি ফ্লাইটের মধ্যে ১২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালাম এয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট।

বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রমে আরোপিত বিধিনিষেধের প্রভাব এখন আর শুধু সরাসরি ফ্লাইটের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটগুলোও এর আওতায় পড়ায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin