নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় সাহেব আলী নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। এ সময় রনি নামের এক ব্যক্তি তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি পাশের একটি খালে পড়ে যান, যেখানে তাকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, তাকে মোট তিনটি গুলি করা হয়েছে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।





