জনপ্রিয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অনার রাজধানীর যমুনা ফিউচার পার্কে তাদের দেশের প্রথম ‘আলফা স্টোর’ চালু করেছে। স্টোরটিকে একটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে সাজানো হয়েছে, যেখানে অনারের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য গ্রাহকরা এক ছাদের নিচে পাবেন। এই স্টোরের মাধ্যমে গ্রাহকরা দৈনন্দিন জীবনে অনারের বিভিন্ন ডিভাইস কীভাবে একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে, তা সরাসরি প্রত্যক্ষ করার ও ব্যবহার করে দেখার সুযোগ পাবেন।
অনারের ‘আলফা প্ল্যান’-এর অংশ হিসেবে এই স্টোরটি চালু করা হয়েছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথম আলফা স্টোর চালু করেছিল অনার। বাংলাদেশের এই শাখাটি চীনের বাইরে বিশ্বব্যাপী অনারের তৃতীয় আলফা স্টোর। স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান। উদ্বোধনী আয়োজনে শিল্পী জেফার ও মাহতিম সাকিবের পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ।
যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত এই স্টোরে স্মার্টফোনের পাশাপাশি অনারের নতুন রোবট ফোন, ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং স্মার্ট টিভি প্রদর্শন করা হয়েছে। এছাড়া ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচের মতো আইওটি পণ্যের সমাহারও রয়েছে এখানে। অনার কর্তৃপক্ষের মতে, এই স্টোরের মাধ্যমে গ্রাহকরা ভবিষ্যতের এআই-নির্ভর স্মার্ট ইকোসিস্টেমের বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবেন।





