সৌদি আরবে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের চলমান হামলার প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) এক ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জনবহুল ও ঝুঁকিপূর্ণ স্থানসমূহ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারের ক্ষেত্রেও দূতাবাস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স প্রভৃতি) প্রচার করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। তাই সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো স্পর্শকাতর তথ্য প্রচার, মোবাইলে সংরক্ষণ বা পারস্পরিক আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
যেকোনো প্রয়োজনীয় তথ্যের জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।





