ফ্যামিলি কার্ডে বিভ্রান্তি করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

Published: October 12, 2026, 5:18 pm

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, আমরা চাই সঠিক পরিবারগুলোই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে এবং এই প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিভেদ বা বিভক্তি তৈরি করা হবে না। মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের কেউ যদি ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিভ্রান্তি বা অনিয়ম করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসক জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজে মোট ১ হাজার ৯ শত ১৭ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, যদি কোনো 'গুপ্ত' দলের কর্মীরা তথ্য সংগ্রহের সময় ভুল তথ্য প্রদান বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কার্ডের পরিমাণ বা বরাদ্দ নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে শফিকুল ইসলাম খান বলেন, অনেকে বলেন মাত্র ২৫০০ টাকা! আমরা বলি যদি কেউ সাহস করে বেশি পরিমাণ টাকা দিতে পারে, তবে তা দিয়ে দেখাক। সবাই শুধু কথা বলে কিন্তু জনগণের জন্য কাজ করে না।

এছাড়া নগরবাসীর সুবিধার কথা উল্লেখ করে প্রশাসক জানান, খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করা হবে। একই সঙ্গে নগরবাসীকে একটি নান্দনিক ফুটপাত উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin