মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসি এলাকার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন তদন্ত বিভাগের কর্মকর্তারা। সোমবার সকালে পরিচালিত এই অভিযানটি একটি ‘ফৌজদারি তদন্তের’ অংশ বলে মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।
বিচার বিভাগের ওই মুখপাত্র বিবিসি’র মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) কর্মকর্তারা আদালতের অনুমোদন পাওয়া তল্লাশি পরোয়ানার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। তবে চলমান কেন্দ্রীয় তদন্তের সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত কোনো তথ্য কর্তৃপক্ষ এখনো প্রকাশ করেনি। তল্লাশির সময় ইলহান ওমর বাড়িতে উপস্থিত ছিলেন কিনা, তা-ও স্পষ্টভাবে জানা যায়নি। বর্তমানে মার্কিন কংগ্রেসের অধিবেশন চলছে না।
সোমালিয়ায় জন্মগ্রহণকারী ইলহান ওমর যুদ্ধের কারণে আট বছর বয়সে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। ২০১৮ সালে প্রথমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়া এই ডেমোক্র্যাট নেতা বর্তমানে আগামী মাসের নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত।
ইলহান ওমরের বিরুদ্ধে চলমান এই তদন্তের প্রকৃতি এখনো স্পষ্ট নয়। তবে অতীতে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে তার অভিবাসনসংক্রান্ত নথিপত্র নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ ক্যারোলাইনার কংগ্রেস সদস্য ন্যান্সি মেস তার অভিবাসন নথিপত্র সংগ্রহের জন্য সমন জারির উদ্যোগ নিলেও তা সফল হয়নি। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হওয়ার জন্য দেশটির নাগরিক হওয়া বাধ্যতামূলক এবং ইলহান ওমর যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে ইলহান ওমর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণের শিকার হয়ে আসছেন। ট্রাম্প বিভিন্ন সময় তাকে সোমালিয়ায় ফিরে যাওয়ার কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের হুমকিও দিয়েছেন। এর জবাবে ইলহান ওমর ট্রাম্পের এসব মন্তব্যকে ‘অস্বাস্থ্যকর ও অদ্ভুত এক ধরনের আসক্তি’ বলে অভিহিত করেছেন। এছাড়া গত সপ্তাহে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মিনেসোটা অঙ্গরাজ্য সোমালি অভিবাসীদের দখলে চলে যাচ্ছে বলে দাবি করে বাসিন্দাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তবে ইলহান ওমরের বাড়িতে চালানো এই তল্লাশির সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক বিরোধিতার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।





