পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকো অলিম্পিয়াড ২০২৬’। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস) বাংলাদেশ-এর যবিপ্রবি শাখার উদ্যোগে আগামী ১৩ অক্টোবর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। একই অনুষ্ঠানে সংগঠনটি তাদের নতুন সদস্যদের বরণ করে নেবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই ইকো অলিম্পিয়াডে পরিবেশবিজ্ঞান ও দূষণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও অণুজীববিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক্স ও বায়োকেমিস্ট্রি, মৎস্যবিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, জলজ বাস্তুবিদ্যা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সনদপত্র, ইনডোর প্ল্যান্ট ও বিশেষ উপহারের ব্যবস্থা রয়েছে। এছাড়া অনুষ্ঠানে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ রাফিউল হাসান উপস্থিত থাকবেন।
সংগঠনটির যবিপ্রবি সমন্বয়ক ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোঃ আশিকুল ইসলাম জানান, তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে এবং একটি সবুজ ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএএএস সদস্যদের জন্য নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। তবে অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।





