লালপুরে নিয়ম ভেঙে সার বিক্রি: ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

Published: October 11, 2026, 11:00 am

নাটোরের লালপুরে সরকারি নিয়ম অমান্য করে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার বিক্রির দায়ে ভাই ভাই ট্রেডার্স নামের এক অনুমোদিত সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর ইউনিয়নের অনুমোদিত সার ডিলার ‘ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক ওয়াহিদুল ইসলাম খোকন তাঁর নির্ধারিত এলাকার সীমানা অতিক্রম করে ঈশ্বরদী ইউনিয়নের সাবডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেছিলেন। এসব সার পরিবহনের সময় বিষয়টি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পরিবহনকারী গাড়িটি আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং সার বিক্রিতে অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করে।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় ঘটনাস্থলে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন। সার বিতরণে যেকোনো ধরনের অনিয়ম রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মাঠপর্যায়ের তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin