নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির উঠানে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো স্থানীয় আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই ভাই ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে তাদের প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ লাগলে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





