সিলেটের গোয়াইনঘাটে টাকা ছিনতাইয়ের পর সাবেক ছাত্রদল নেতা খুন

Published: October 11, 2026, 10:00 am

সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গোরাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত বদরুল আলম (৩২) রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং রাজনীতির পাশাপাশি বালুর ব্যবসা ও গরুর খামার পরিচালনা করতেন। তিনি দুই ছেলের জনক ছিলেন। এই হামলায় তার সঙ্গে থাকা সাদেক মিয়া গুরুতর আহত হয়েছেন।

আহত সাদেক মিয়ার ভাষ্যমতে, তারা মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গোরাগ্রামে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে দা ও চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বদরুল নিহত হন এবং তিনি নিজে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। হামলাকারীরা তাদের সঙ্গে থাকা ৩০ লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, সাদেকের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে বদরুলের ওপর হামলা করতে দেখেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্বজনেরা ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া জানান, ব্যবসায়িক টাকা নিয়ে ফেরার পথে তার ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে এই হামলা চালানো হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে। ওসি মো. ওমর ফারুক জানান, প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদের কয়েকজনের নাম জানিয়েছেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। বদরুলের মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy