সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, হত্যাচেষ্টা, জিম্মি করে নির্যাতন এবং অর্থ লুটপাটের সুষ্ঠু তদন্ত, তার নিরাপত্তা বিধানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) ‘সচেতন সাংবাদিক ইউনিটি’ আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই প্রধান দায়িত্ব। তারা স্বাধীন সাংবাদিকতায় যেকোনো ধরনের হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানান।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পোস্তগোলা ওভারব্রিজের নিচ থেকে তথ্য দেওয়ার কথা বলে কামরুজ্জামান বাবলুকে ডেকে নেওয়া হয়। পরে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে জিম্মি করে নির্যাতন চালানো হয় এবং অর্থ লুট করা হয় বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় তিনি ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক মো. শামছুল আলম বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা ও নির্যাতন স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা প্রয়োজন।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নির্বাহী সদস্য মো. আবু হানিফ বলেন, গত ৫ আগস্টের পর গুম, খুন ও অপহরণ চিরতরে নির্মূল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের অপহরণ ও নির্যাতনের শিকার হওয়া পুরো জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও কণ্ঠরোধের সব অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে কর্মসূচির যৌক্তিক সঞ্চলনা করেন আয়োজক সংগঠনের কর্মসূচি সমন্বায়ক সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপন এবং এ.এফ.এম রাসেল পাটোয়ারী। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন। তাদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, মানবাধিকারকর্মী সেলিম রেজা বাচ্চু, বৈশাখী সংবাদের সম্পাদক রফিকুল ইসলাম এবং দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার নোমান মোশাররফ উপস্থিত ছিলেন।





