রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান জড়িত রয়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তাদের অভিযোগ, হামলার প্রকৃত চিত্র আড়াল করতে এবং জড়িতদের পরিচয় গোপন রাখতেই হলের সামনের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে।
সাংবাদিকদের দাবি, গত রোববার রাতে হামলার ঘটনাটি হলের ঠিক সামনেই ঘটেছিল, যা সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হওয়ার কথা। তবে পরবর্তীতে সেই ফুটেজ আর পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন হল প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। তিনি জানান, হলে বর্তমানে সংস্কার কাজ চলার কারণে সিসিটিভি ক্যামেরার সংযোগ আগে থেকেই বিচ্ছিন্ন ছিল। আর এ কারণেই সেখানে কোনো ফুটেজ রেকর্ড হয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আবদুল আলীম জানিয়েছেন, তথ্যগুলো সুরক্ষিত রয়েছে এবং তদন্ত কমিটি তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। তিনি বলেন, অভিযোগ যে কেউ করতে পারে, তবে নথিপত্রের কোনো ঘাটতি নেই। তদন্ত কমিটি নির্দিষ্ট উৎস থেকেই তথ্য সংগ্রহ করছে।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন সাংবাদিক গুরুতর আহত হওয়াসহ আরও বেশ কয়েকজন আহত হন।





