জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে ‘নৈতিক অভিভাবকত্ব : আত্মিক সম্পর্কের ভিত্তিতে নৈতিক সমাজ বিনির্মাণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আর্থিক দুরবস্থা ও সঠিক দিকনির্দেশনার অভাবে ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এবং একটি মানবিক মূল্যবোধসম্পন্ন আত্মিক পরিবার গড়ে তোলার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্যমতে, মোরাল প্যারেন্টিং কেবল বৃত্তি প্রদানের কার্যক্রম নয়, বরং এটি একটি আত্মিক পরিবার। এই পরিবারের সদস্যরা আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন এবং স্থানীয় শিক্ষকরা ক্যাম্পাস অভিভাবক হিসেবে তাদের দেখভাল করেন। মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ট্রাস্টি সদস্য কাজী শহিদুল ইসলাম বলেন, সেমিনারে আলোচিত বিষয়গুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তিনি শিক্ষক ও সমাজের বিভিন্ন পর্যায়ে মোরাল প্যারেন্টিংয়ের ধারণাটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ক্যাম্পাস অভিভাবক ও সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক সেমিনারে বলেন, মোরাল প্যারেন্টিংকে কেবল আর্থিক অনুদান হিসেবে দেখা উচিত নয়, বরং এটি পারস্পরিক দায়িত্ব গ্রহণের একটি প্রক্রিয়া। একজনের কাছ থেকে নেওয়া দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া মানুষের মানসিক সন্তুষ্টি অর্জনেও এই কার্যক্রম ভূমিকা রাখতে পারে বলে তিনি মতপ্রকাশ করেন।





