২০২৭ সালের জানুয়ারি মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়মিত শিক্ষাকার্যক্রম তদারকি করছেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও বেশি কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন বইয়ের মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের কোনো ঘাটতি বা অবহেলা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বই বিতরণের পর কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।





