বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল পরিচালিত এলএলবি (অনার্স) ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারীতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শত সীমাবদ্ধতার মাঝে শিক্ষার বিস্তার ঘটানোই বাউবির মূল ব্রত। সব বন্ধুর পথ মাড়িয়ে আপনাদের প্রতিষ্ঠিত হতে হবে। আজকের শিক্ষার্থীদের মনন, বোধ ও সুবিচারের ওপর নির্ভর করবে সমাজের ভবিষ্যৎ কাঠামো। আইনের পাশাপাশি ইতিহাস, দর্শন ও এআইসহ সর্বাধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমেই একটি মানবিক ও সুশৃঙ্খল সমাজ গঠন সম্ভব।
স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন। তিনি আইন শিক্ষার প্রারম্ভিক ইতিহাস, আবশ্যকতা, সময়োপযোগী সিলেবাস ও বাংলাদেশে এর বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্কুল অব ল-এর শিক্ষকেরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং আইন পেশায় নীতি-নৈতিকতা ও দক্ষতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, শাখা প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





