ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে এই কর্মসূচির আগেই দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহ-সমন্বয়ক সৌরভ দাস। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ দাস দাবি করেন, সরকার তাকে এবং দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, রত্না সিংসহ আরও বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের ছক কষছে। যদিও এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি। সৌরভের মতে, সরকার যদি এমন 'স্বৈরাচারী পদক্ষেপ' নিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করে, তবে তারা ভুল করবে। তরুণ প্রজন্ম এখন সচেতন উল্লেখ করে তিনি দলের অনুপস্থিতিতেও অধিকার ও ভবিষ্যতের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এর আগে সিজেপির সহ-সমন্বয়ক সৌরভ দাস ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে 'ভারতের এক নম্বর শত্রু' বলে অভিহিত করেছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলে তিনি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন এবং পদত্যাগ না করলে বিক্ষোভের ঘোষণা দেন। গত সপ্তাহে মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই বিক্ষোভের ডাক দেন। তিনি জানান, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে অবস্থান নেবেন। পুলিশ বাধা দিলে সেখানেই 'যন্তর মন্তর' তৈরি করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তবে দলটি শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছে। অভিজিৎ দীপকে নাগরিকদের মহাত্মা গান্ধীর অহিংস পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। সিজেপির আরেক সহ-সমন্বয়ক রাঙ্কা জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের সময় যাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের ন্যায়বিচারের দাবিতেই এই আন্দোলন। গত শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিল, যেখানে চলচ্চিত্র ব্যক্তিত্ব শাবানা আজমি ও সংগীতশিল্পী বিশাল দাদলানি উপস্থিত ছিলেন। সমাবেশে 'ভোট চোর, গদি চোর' ও 'গো জ্ঞানু গো' স্লোগান দেওয়া হয়।
এদিকে নির্বাচন কমিশন সিজেপির তোলা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কমিশনের দাবি, ভোটার তালিকার এসআইআরসহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই পূর্ণাঙ্গ কমিশন সর্বসম্মতভাবে গ্রহণ করেছে।





