আলোচনা ব্যর্থ হওয়ার পর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ শুরু

Published: October 5, 2026, 9:38 am

পাকিস্তানের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী Islamabad অভিমুখে লংমার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দলটির দফায় দফায় আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর খাইবার পখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত থেকে এই কর্মসূচির সূচনা করা হয়।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, খাইবার পখতুনখোয়ার মুখ্যমন্ত্রী (সিএম) সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্দি চক থেকে এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। দলীয় বহরটি রবিবার দিবাগত রাতে কারাক এলাকায় অবস্থান নেয় এবং আগামী ৮ই অক্টোবর বৃহস্পতিবার এটি খায়রাবাদে পৌঁছাবে বলে জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে পিটিআইয়ের এই লংমার্চকে কেন্দ্র করে পাঞ্জাবের বিভিন্ন এলাকা এবং রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করতে রেঞ্জার্স মোতায়েনের মেয়াদ আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগে ৫ই অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল।

পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা রবিবার দাবি করেন, রাতভর চলা আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল খাইবার পখতুনখোয়ার সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে কেন্দ্র ও প্রদেশের দ্বিমত। তিনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সরকার একতরফাভাবে নেওয়া সন্ত্রাসবিরোধী পদক্ষেপগুলোর দায় প্রাদেশিক সরকারের ওপর চাপাতে চেয়েছিল, যা পিটিআই-টিটিএপি দল মেনে নেয়নি। তাদের অবস্থান হলো, খাইবার পখতুনখোয়ার যেকোনো সন্ত্রাসবিরোধী পদক্ষেপ অবশ্যই কেন্দ্র ও প্রাদেশিক সরকারের পারস্পরিক সমঝোতা এবং প্রাদেশিক পরিষদের সব রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে হতে হবে।

অন্যদিকে পিটিআই নেতাদের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি অভিযোগ করেন, দলটির জ্যেষ্ঠ নেতারা আদালতের নির্দেশনা লঙ্ঘন করে সরকারি সম্পদ ও সশস্ত্র বহর নিয়ে চলাচল করছেন। এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, পিটিআই কর্মীরা যখন রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরছেন, তখন দলটির নেতারা বোমা ও bulletproof সরকারি গাড়িতে ‘ইঁদুরের মতো লুকিয়ে’ আছেন। আদালতের নির্দেশনা অমান্য করার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশই যদি লঙ্ঘন করা হয়, তবে সরকারের সঙ্গে কোনো চুক্তি হলে তা মেনে চলার নিশ্চয়তা কোথায়? তিনি আরও বলেন, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানে সব পক্ষের সম্মতি থাকলেও পিটিআই তা মানছে না। আফগানিস্তান থেকে সন্ত্রাসী হামলা এবং সামরিক, আধাসামরিক বা পুলিশ সদস্যদের নিহতের ঘটনায় পিটিআই কোনো নিন্দা বা প্রতিরোধ গড়ে তোলেনি বলেও তিনি অভিযোগ করেন।

এছাড়া কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান বিষয়ক ফেডারেল মন্ত্রী আমির মুকাম খাইবার পখতুনখোয়ার প্রাদেশিক সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ওই প্রদেশের জনগণ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। কিন্তু জনগণের এসব সমস্যা সমাধানে প্রাদেশিক সরকারের কোনো গুরুত্ব বা আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin