রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনার ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে এই হামলার প্রতিবাদে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন সাংবাদিক গুরুতর আহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
হামলার ঘটনার পর পরই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিকরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হলে সাংবাদিকরা সাময়িকভাবে তাদের কর্মসূচি থেকে ফিরে যান। তবে ঘটনার ১৪ ঘণ্টা পার হলেও তদন্ত কমিটি গঠিত না হওয়ায় ক্ষোভ বাড়ছে।
তদন্ত কমিটি গঠনে বিলম্বের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ জানান, উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পাসে নেই। তিনি বিকেলে ক্যাম্পাসে ফিরলে তদন্ত কমিটি গঠন করা হবে। উপ-উপাচার্য বলেন, ‘ভিসি স্যার ক্যাম্পাসে নেই। তিনি বিকেলে আসবেন। তারপর তদন্ত কমিটি গঠন করা হবে।’
এদিকে হামলার প্রতিবাদে সাংবাদিকরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা, সোমবার দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা, হামলায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে তাদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে।





