দেশে ৪০ লাখ প্রতিষ্ঠানে ‘বাংলা কিউআর’, দৈনিক লেনদেন ১৪৩ কোটি টাকা

Published: October 5, 2026, 8:30 am

দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের তৎপরতা বৃদ্ধির মধ্যে ‘বাংলা কিউআর’ সেবার ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে এই সর্বজনীন ডিজিটাল লেনদেন সুবিধা চালু রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে দেশজুড়ে ক্যাশলেস লেনদেনের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

সোমবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল এলাকায় বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করার সময় গভর্নর এ তথ্য জানান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ক্যাশবিহীন এই প্রযুক্তি ব্যবহারে তাদের উৎসাহিত করেন। বাংলাদেশ ব্যাংক দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে একটি ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন মাসে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের পরিমাণ প্রায় সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই ডিজিটাল মাধ্যমের সাহায্যে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন সম্পন্ন হচ্ছে।

মতিঝিলে প্রচারণাকালে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করার লক্ষ্যে শুধু প্রযুক্তিগত সুবিধা চালু করাই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে, যা নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ক্যাশলেস লেনদেনের পরিধিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh