পাকিস্তানের ডেরা ইসমাইল খান এলাকায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের আমান মেলা চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে। এলাকাটি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছাকাছি অবস্থিত।
রেসকিউ ১১২২-এর কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে পুলিশ ও কাস্টমস বিভাগের সদস্য ছাড়াও দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। রেসকিউ ১১২২-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আহত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মুগল কোট ও দারাজিন্দার কাছে অবস্থিত এই চেকপোস্টে হামলার পর থেকেই উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন।





