যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করি না আমরা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Published: September 26, 2026, 10:05 am

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটনের সঙ্গে বিরোধ মেটাতে তেহরান এখনও আগ্রহী হলেও, এর জন্য পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করা অপরিহার্য।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো ইরানের বর্তমান প্রশাসনের পতন ঘটানো। তার মতে, আলোচনার চেয়েও সরকারকে অকার্যকর করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই সমস্যার সমাধান চাইত, তবে কেন তারা আলোচনার মাঝপথে ইরানের ওপর হামলা চালায়? কেন তারা দেশটির বিজ্ঞানী, কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করে?

ইরানি প্রেসিডেন্ট মার্কিনিদের উদ্দেশে বলেন, আপনারা কল্পনা করুন কেউ এসে আপনাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করল এবং যেসব বিষয়ে আপনারা একমত হয়েছিলেন তার কিছুই মানল না—তখন আপনাদের প্রতিক্রিয়া কী হতো? তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন লিখিত প্রতিশ্রুতিও রক্ষা করে না, তাই তাদের ওপর আস্থা রাখা কঠিন। যতক্ষণ পর্যন্ত ইরানবিরোধী নিষেধাজ্ঞা, হুমকি ও হামলা বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি সহজ হওয়া সম্ভব নয়।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর জবাবে তেহরানও ইসরায়েলি ও মার্কিন বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। জুন মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও আলোচনার অচলাবস্থা কাটেনি। বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে মতপার্থক্য দুই দেশের আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির আশা এখনও ত্যাগ করেননি। তিনি সিএনবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সহযোগিতা করা বন্ধ করে, বেসামরিক লোকজন ও বিজ্ঞানীদের ওপর হামলা থেকে বিরত থাকে এবং ন্যায়বিচারের পথে আসে, তবেই এই অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপন সম্ভব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে এক প্রশ্নের উত্তরে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh