প্রাথমিকের শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী

Published: September 26, 2026, 11:15 am

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিরসনে স্পষ্ট বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি উত্তীর্ণ প্রার্থীদের আশ্বস্ত করেছেন।

শিক্ষামন্ত্রী জানান, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যেসব প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি, তাদের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি উল্লেখ করেন যে, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে এই প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে।

নিয়োগ প্রক্রিয়ার বিলম্বের কারণ সম্পর্কে মন্ত্রী ব্যাখ্যা দেন যে, সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত এবং প্রয়োজনীয় প্রক্রিয়া। এই সাধারণ প্রশাসনিক নিয়মটিই বর্তমানে অনুসরণ করা হচ্ছে বলে তিনি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy