চুয়েটে বিক্ষোভ: নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন

Published: September 26, 2026, 10:25 am

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য বিদায়ী উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজও চলছে।

বিক্ষোভের অংশ হিসেবে শিক্ষার্থীরা নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন। মূলত সংবাদমাধ্যমে নতুন উপাচার্যের দেওয়া একটি বক্তব্যের প্রতিবাদেই শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। গতকাল শুক্রবার অধ্যাপক শেখ শরীফুল আলম দাবি করেছিলেন যে, বিক্ষোভে মাত্র ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এবং বাকি শিক্ষার্থীরা ক্যাম্পাসের তালা খুলে তাঁকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন।

নতুন উপাচার্যের এই বক্তব্যকে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর প্রতিবাদে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’ এবং ‘অনলাইন ভিসি, অনলাইন ভিসি, মানব না, মানব না’ স্লোগান দেন।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিদুর রহমান ওসমানী বলেন, নতুন উপাচার্য নজিরবিহীনভাবে অনলাইনে যোগদান করেছেন এবং সংবাদমাধ্যমে দেওয়া তাঁর বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ। তাই তারা এই রেড কার্ড কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রতিবাদে ওই দিন রাত থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরদিন থেকে তাঁরা শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতিও কর্মবিরতির ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের একমাত্র দাবি হলো অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে বহাল করা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo