কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর আঞ্চলিক পর্যায়ের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী পর্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইসরাইল মিয়া ও ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় মাঠে উপস্থিত ছিলেন।





