অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Published: November 25, 2026, 4:45 am

অস্ট্রেলিয়া সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাকে বিদায় জানাতে সমবেত হন। সেখানে এক আবেগঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।

সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন মতবিনিময় সভা, সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন। এসব কর্মসূচিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মাধ্যমে জামায়াত আমিরের এই অস্ট্রেলিয়া সফর শুরু হয়। সফরের দ্বিতীয় দিন ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশ নেন। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের আয়োজনে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সভায় যোগ দেন তিনি।

পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। সর্বশেষ ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং দেশের উন্নয়নে তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh