ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সংস্থান করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোজাম্মেল আলীর পরিচয় এবং রাজনৈতিক ও পেশাগত অঙ্গনে তাঁর অবস্থান নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসকারী সৈয়দ মোজাম্মেল আলী একাধারে একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র অনুযায়ী, তাঁর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং দেশটির সারে অঞ্চলে বসবাস করেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে আলোচনা ও বিশ্লেষণে তিনি যুক্ত রয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বীর মুক্তিযোদ্ধার সনদ প্রদান করে।
লন্ডনভিত্তিক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন মোজাম্মেল আলী। প্রতিষ্ঠানটির মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপের নানা স্থানে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তিনি নিবন্ধ প্রকাশ করেছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা এবং দলটির বিষয়ে উঠে আসা সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি বেশ সক্রিয় ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারত গমনের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর পক্ষে বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দিয়ে নজর কাড়েন মোজাম্মেল আলী। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অবস্থান, শেখ হাসিনার রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি গণমাধ্যমে কথা বলেছেন তিনি।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনাকে একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে পৌঁছে দেওয়া হয়েছিল, এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও একইভাবে সরকারি আকাশপথ পরিবহনের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব।





