ঠাকুরগাঁও-১ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি ১১ দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় অংশ নেন দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি কফিলউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, এনসিপির জেলা সদস্য সচিব খলিল রহমান, খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম, জাগপা জেলা সভাপতি জালাল হোসাইন এবং ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি আনিস আহমেদসহ স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৮





