ইরানের প্রস্তাবিত সাত দিনের শান্তি রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছিল। চুক্তির শর্ত হিসেবে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির সাত দিনের সময়সীমা শুরুর প্রস্তাব দেয়। এর বিনিময়ে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে বন্দর অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়।
এদিকে রয়টার্সের কাছে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনাটি ইতিবাচক ও গঠনমূলক ছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প ইরানের এই প্রতিশ্রুতি নিয়ে বেশ সংশয়ী। তিনি তার সহযোগীদের জানিয়েছেন যে, নভেম্বরে কংগ্রেস নির্বাচনের পর পুনরায় বোমা হামলার সম্ভাবনা রয়েছে। তবে রয়টার্স এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ০৩





