পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Published: September 26, 2026, 7:05 am

আগামী সপ্তাহে পুলিশের একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। নতুন এই ইউনিটটি একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এই পদ না থাকলে তা নতুন করে তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ইউনিটের শাখাগুলো সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এছাড়া হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের ব্যবস্থা থাকবে। সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধের ক্রমবর্ধমান প্রবণতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো রাষ্ট্রে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যাম ভিত্তিক। তাই এই বিষয়টিকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তথ্য আদান-প্রদান করছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। যারা দেশের মানুষকে হত্যা করেছে এবং বাইরে থেকে হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh