ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫৫

Published: September 25, 2026, 12:39 pm

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট ২ জন মারা গেছেন। একই সময়ে সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫৫ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, যার সংখ্যা ২৪৬ জন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়। এরপর মার্চ ও এপ্রিলে কোনো প্রাণহানি না হলেও মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়। জুলাই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৬ জনে এবং আগস্ট মাসে আরও ৪৩ জন মারা যান। চলতি সেপ্টেম্বরের ২৫ দিনে মশাবাহিত এই রোগটিতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২১১ জনের মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) ১০২ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh