ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে ভূমিকা রাখলে পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published: September 26, 2026, 6:41 am

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নিজস্ব গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব ব্যক্তিকে গ্রেপ্তারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। আজ শনিবার বেলা ১১টায় ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদের ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবেন, তাদেরকে আমরা পুরস্কৃত করব। গত সপ্তাহে এ রকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেপ্তার হয়েছে, গতকালও একজন হয়েছে। এতদিন তারা দেশেই লুকিয়ে ছিলেন উল্লেখ করে গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট কোথায় ছিল? পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচাইতে উত্তম মনে করি। অন্যান্য অর্গানাইজেশনের যে ইন্টেলিজেন্স সাপোর্ট, সেটা আমি মিলিয়ে দেখার জন্য নিই, কম্পেয়ার করার জন্য। আপনাদের ইন্টেলিজেন্স সাপোর্ট আপনারা ইউজ করুন। দেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অফিশিয়ালি রিকোয়েস্ট করেছি অ্যাজ পার এক্সট্রাডিশন ট্রিটি যে, আপনারা সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের, শেখ হাসিনাসহ অন্য আসামিদের ফেরত দেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হতে চান, তবে আইন তার নিজস্ব গতিতে ও নিজের কোর্স অনুযায়ী চলবে বলে তিনি মন্তব্য করেন।

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের নতুন পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সপ্তাহে একটি আলাদা সাইবার ইউনিট গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। তিনি পুলিশ বাহিনীকে আরও বেশি সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy