ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো শুরু হয়। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, প্রাণ হারানোদের মধ্যে শিশুও রয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে অবস্থিত আল-মাওয়াসি এলাকায় ইসরাইলের একটি ড্রোন আঘাত হানে। ওই ড্রোন হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও কয়েকজন।
যে আল-মাওয়াসি এলাকায় হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছে, সেটিকে কয়েক বছর আগে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল ইসরাইলি সামরিক বাহিনী। সেই ঘোষিত নিরাপদ এলাকাতেই এই ড্রোন হামলার ঘটনা ঘটল।





