হরমুজ প্রণালি খুলে দিতে সাত শর্ত দিল ইরান

Published: November 1, 2026, 4:37 am

যুক্তরাষ্ট্রের আরোপিত শর্ত মেনে নিলে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। বিষয়টি নিয়ে বর্তমানে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে। দুই দিনের একটি পরিকল্পনার আওতায় এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় সচল করা হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, এ বিষয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে তেহরানের আলোচনা চলমান রয়েছে।

ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই জানিয়েছেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি পেয়েছেন। তার মতে, ওই চিঠিতে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে, যা একটি ইতিবাচক লক্ষণ। সেপ্টেম্বর মাসে তেহরান কিছু শর্তের কথা জানিয়েছিল। এখন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি শান্তি আলোচনা শুরু এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য সেই সাতটি শর্তের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে প্রথমটি হলো, জুলাই মাসে ইসলামাবাদ সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। দ্বিতীয়ত, ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমাতে হবে। তৃতীয়ত, জুন মাসের সমঝোতা অনুযায়ী তেলের যে ছাড় দেয়া হয়েছিল, তা পুনর্বহাল করতে হবে। এছাড়া কাতারে আটকে থাকা অর্থসহ বিদেশের মাটিতে থাকা ইরানের জব্দকৃত সব তহবিল ছেড়ে দেয়ার দাবি জানানো হয়েছে।

পঞ্চম শর্ত হিসেবে ইরান ও ওমানের নির্ধারিত হরমুজ প্রণালির নতুন জাহাজ চলাচলের পথটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং অন্য সব পথ বন্ধ করতে হবে। ষষ্ঠ শর্তে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে, বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সর্বশেষ শর্ত হিসেবে মহসিন রেজাই আগেই জানিয়েছিলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে। সেই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ এবং বিপ্লব বিরোধীদের সঙ্গে তাদের সহযোগিতা চিরতরে বন্ধ করার দাবিও জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin