মানবতাবিরোধী অপরাধ: হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

Published: October 29, 2026, 7:05 am

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অভিযুক্ত অন্য তিন আসামি মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায়ে মাহবুব উল আলম হানিফকে তার বিরুদ্ধে আনা ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই আইনের বিধানে ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অন্যদিকে, আসামি মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকেও ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে থাকা ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, মাহবুব উল আলম হানিফ এবং বাকি তিন আসামির বিরুদ্ধে গঠিত ৪ ও ৫ নম্বর চার্জ একত্রে বিবেচনা করা হয়েছে। এসব চার্জে সব আসামিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin