দেশের বাজারে ভরিতে ৩২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

Published: November 2, 2026, 5:50 am

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন গ্রাহকদের খরচ হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

এর আগে সোমবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই স্বর্ণের নতুন এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা গতকাল রোববার ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh