ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৫৪ জন

Published: October 13, 2026, 1:02 pm

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩১৭ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক তথ্যানুযায়ী, অক্টোবরের প্রথম ১২ দিনে ৭১ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন, যার ফলে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯৭ হাজার ২৯৬ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৪৫ জন রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৬ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy