হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৫১

Published: October 30, 2026, 11:17 am

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এই মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৯১ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১ হাজার ৩১৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহণ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ জন শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির মোট সংখ্যা ১ হাজার ২৫১ জনে পৌঁছেছে।

একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে মোট ২৩ হাজার ৭৭০ জন শিশুর শরীরে রোগটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২ হাজার ৬৩৯ জন শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin