মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিদ্যমান জটিলতা নিরসনে ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ সংশোধন করেছে সরকার। নতুন বিধিমালার ফলে মোটরসাইকেলের কাঠামোগত নকশা বিবেচনা করে সামনের নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও নম্বর লেখার বিন্যাসে পরিবর্তন আনার পথ সুগম হলো।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে এই সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। গত ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে, যার মাধ্যমে আগের বিধিমালার ৩৬ নম্বর বিধিতে পরিবর্তন আনা হলো।
নতুন সংশোধনী অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে নম্বর লেখার বিকল্প সুযোগ তৈরি হয়েছে। এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহার করা যাবে। একই সঙ্গে নম্বরপ্লেটের দৃশ্যমানতা বাড়ানো ও আধুনিক ট্রাফিক প্রযুক্তি ব্যবহারের সুবিধার জন্য বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট অন্তর্ভুক্ত করার বিধান যুক্ত করা হয়েছে।
সংশোধিত বিধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বিভিন্ন মডেলের মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের বৈশিষ্ট্য নির্ধারণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্তৃপক্ষ প্রয়োজনে অক্ষরের উচ্চতা, অঞ্চল ও বাহনের শ্রেণির অক্ষরের মাপ, নম্বরপ্লেটের উল্লম্ব ফাঁকা অংশ, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনের হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে। এছাড়া ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে সংশোধনের পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বিলুপ্ত করা হয়েছে।
বর্তমানে বাজারে থাকা বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সামনের অংশে প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপন করা বেশ কঠিন। সব মডেলে একই মাপের নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা থাকায় আইনগত জটিলতা তৈরি হতো। সড়ক নিরাপত্তা ও আধুনিক ট্রাফিক ব্যবস্থার সুবিধার্থে সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি কার্যকর করতে এটি সহায়ক হবে। সড়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাসসকে জানান, সড়কে প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে অন্য সব যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার নজরদারিতে আনা জরুরি হয়ে পড়েছিল। সরকারের এই সংশোধনের ফলে বিআরটিএ এখন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করার আইনি ভিত্তি পেল।





