পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করা বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর এক যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র বা আগ্রাসন চালানো হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবে যে হামলা চালাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে ধর্মমন্ত্রী এই বিবৃতি দিলেন। বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার ওপর কোনো ধরনের হুমকি সৃষ্টি করা হলে কিংবা সেখানে হামলার অপচেষ্টা চালানো হলে বিশ্বের সব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে লাখ লাখ মুসলিম নিজেদের জীবন উৎসর্গ করে হলেও এই পবিত্র দুই নগরীর মর্যাদা রক্ষা করবে বলে তিনি উল্লেখ করেন।
মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, এই দুই পবিত্র নগরী বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান এবং সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার মূল কেন্দ্র। ফলে সেখানে কোনো ধরনের আগ্রাসন, হামলা বা নিরাপত্তার হুমকি সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে ধর্মমন্ত্রী পবিত্র আল হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি নিজের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষায় বাংলাদেশের জনগণ সম্পূর্ণ আপসহীন। বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে নিজেদের মধ্যকার পারস্পরিক বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি, যাতে বর্তমান ও ভবিষ্যতে পবিত্র দুই নগরীর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে রুখে দেওয়া যায়। পরিশেষে ধর্মমন্ত্রী মহান আল্লাহর দরবারে মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সংহতি কামনা করেন।





