রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Published: September 19, 2026, 4:01 pm

রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে মিরপুর-১১, মিরপুর-১, মধ্যবাড্ডা ও যাত্রাবাড়ী থানা এলাকায় এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বর এলাকায় জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি চলন্ত অবস্থায় ছিল বলে জানা গেলেও আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল এবং ভেতরে কোনো যাত্রী ছিল না। নিষিদ্ধ কোনো সংগঠনের লোকজন এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর পরপরই সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর প্রধান সড়কে অভিজাত পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। মিরপুর থানার ওসি হাফিজ জানান, বাসটি পোড়েনি এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া রাত ৭টা ৫০ মিনিটে মধ্যবাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিংয়ে থাকা একটি স্টাফ বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ জানান, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ এ বিষয়ে কাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy