সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিলল প্রায় ৮৯ লাখ টাকা

Published: September 19, 2026, 5:46 pm

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে মাত্র ৩৪ দিনে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার পাশাপাশি বেশ কয়েকটি চিঠিও পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অর্থ গণনার কাজ শেষ হয় সন্ধ্যায়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের দানবাক্স ও ডেগ থেকে পাওয়া এই মোট অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাজারের আয়-ব্যয়ের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ১৩ সদস্যের একটি কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অর্থ গণনার কাজ সম্পন্ন হয়।

গণনা শেষে সংগৃহীত যাবতীয় অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা একটি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। উল্লেখ্য, মাজারের দান ও আয়ের অর্থ ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ কাঠামো গড়ে তোলার লক্ষ্যে গত ২৬শে জুন ১৩ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এরপর থেকেই নিয়মিত বিরতিতে মাজারের দানের অর্থ সবার সামনে প্রকাশ্যে গণনা করা হচ্ছে।

চলতি বছর ২২শে জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের ডেগ ও দানবাক্সের অর্থ গণনা শুরু হয়। প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। এরপর ১১ই জুলাই দ্বিতীয় দফায় গণনায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। সর্বশেষ ১৫ই আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও ডেগ থেকে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার6৭২ টাকা। ওই সময় নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণালংকার ও ১ ভরি ২ আনা রুপাও মিলেছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আগের তিন দফায় সব মিলিয়ে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা সংগৃহীত হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin