সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবুতে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে জোড়া সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুতিরা জানায়, সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে হুতি গোষ্ঠী দাবি করেছে, তাদের প্রথম অভিযানটি রিয়াদের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে চালানো হয়। দ্বিতীয় অভিযানটি ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়। হুতিদের ভাষ্যমতে, উভয় অভিযানই সফল হয়েছে এবং হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার রাতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এরপর শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুন দেখা যায়।
এদিকে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে তাদের ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি সৌদি বাহিনীর সেনা ও সামরিক সমাবেশকেও লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইয়েমেনের ওপর সৌদি সামরিক অভিযান বন্ধ এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ধরনের পাল্টা অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুতিরা।





