শাবিপ্রবিতে শুরু হয়েছে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ অনলাইন রেজিস্ট্রেশন

Published: September 19, 2026, 6:46 pm

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফিটনেস বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের মেগা ইভেন্ট ‘সাস্ট হাফ ম্যারাথন’। প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৪। এই ইভেন্টের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে এই ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য ও সাস্ট ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৭ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ম্যারাথনটি শুরু হবে। এবারের আয়োজনে ২১.১, ৭.৫ ও ১.৫ (কিডস) কিলোমিটার—এই তিনটি ক্যাটাগরিতে রানাররা অংশ নিতে পারবেন। এর মধ্যে ২১.১ ও ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে শিক্ষার্থী (সাস্টিয়ান) এবং সাধারণ (জেনারেল) প্রতিযোগীদের জন্য আলাদা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।

রেজিস্ট্রেশন ফির ক্ষেত্রে ২১.১ কিমি ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,২০০ টাকা এবং জেনারেলদের জন্য ১,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৭.৫ কিমি ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,০০০ টাকা এবং জেনারেলদের জন্য ১,২০০ টাকা ফি দিতে হবে। এছাড়া ১.৫ কিমি (কিডস) ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।

প্রতিযোগিতায় ১.৫ কিমি (কিডস) ক্যাটাগরি বাদে বাকি দুটি ক্যাটাগরিতে নারী ও পুরুষদের আলাদাভাবে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়া ভেটেরান রানার এবং কিডস ক্যাটাগরিতেও প্রথম থেকে তৃতীয় স্থান পর্যন্ত প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা ড. সামিউল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও ক্লাবের উপদেষ্টা শরীফ সোহাগ, ক্লাবের ফাউন্ডিং মেম্বার নুরুহ হক, সিলেটের বিভিন্ন রানার্স কমিউনিটির প্রতিনিধি এবং ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যারাথন নিয়ে সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলন বলেন, তাদের বিগত ইভেন্টগুলো দেশের রানারদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারের ইভেন্টটিও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি রানারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান এবং ইভেন্ট সম্পর্কিত যেকোনো পরামর্শ সাদরে গ্রহণের আশ্বাস দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh