কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, অপ্রতিমের শোকসন্তপ্ত মা ড. নাহিদা বেগম, বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এবং স্বজনদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি আল্লাহ তাআলা দান করুন। তিনি অপ্রতিমের রূহের মাগফিরাত ও শাহাদা কামনা করেন। অপ্রতিমের হারানোকে তিনি একটি পৈশাচিক দৃশ্য হিসেবে অভিহিত করে বলেন, বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য ঘর থেকে বের হওয়া শিশুটিকে আর জীবিত ফিরে আসতে না দেওয়া কোনো বিবেকবান মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, ১৩ বছর বয়সী অপ্রতিম ছিল তার বাবা-মায়ের স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। মা-বাবার কোল খালি হওয়ার চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর কিছুই হতে পারে না। এই ঘটনাটি শুধুমাত্র একটি পরিবারের কান্না নয়, বরং গোটা সমাজের জন্য একটি গভীর সতর্কবার্তা। শিশু যদি নিরাপদে ঘর থেকে বের হয়ে ফিরে আসতে না পারে, তবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে দেশের মানুষ উদ্বিগ্ন বলে তিনি মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার অপ্রতিমের মৃত্যুর কারণ দ্রুত উদঘাটনের দাবি জানিয়ে বলেন, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে ঘটনার পেছনে কোনো অপরাধীচক্র জড়িত কি না, তা বের করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপ্রতিমের মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের শিশু-কিশোর ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।





