অপ্রতিম হত্যা: আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ

Published: September 19, 2026, 7:56 pm

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে কী রয়েছে, তা খতিয়ে দেখতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। এটি কেবল আইফোন ছিনতাইয়ের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, পুলিশের একাধিক তদন্ত দল মাঠে কাজ করছে এবং ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। কী কারণে এই ছোট শিশুটিকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি কি শুধু একটি আইফোনের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তাও তদন্ত করে দেখা হবে। এই হৃদয়বিদারক ঘটনার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিকে, অপ্রতিম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে হত্যাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। দীর্ঘ সময় তার সন্ধান না মেলায় পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy