নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে সরকারি বন বিভাগের জমি দখল ও গাছপালা উজাড়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জাগলার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাতিয়ার সুখচর ইউনিয়নের উত্তর শূল্যকিয়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মো. এনায়েত হোসেন ওরফে এনায়েত খলিফা (৫৬) এবং চরকিং ইউনিয়নের কলাপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো. রুবেল (৩০)।
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র জাগলার চরের ম্যানগ্রোভ বন সংলগ্ন সরকারি জমিতে অবৈধভাবে অবস্থান নিয়েছিল। অভিযোগ রয়েছে, এই চক্রটি বন বিভাগের গাছপালা কেটে জায়গা দখল করার পাশাপাশি ভূমিহীন অসহায় মানুষদের জমি দেওয়ার প্রলোভন দেখাত। কথিত এজেন্টদের মাধ্যমে সরকারি জমির ‘দাগ’ বিক্রির কথা বলে তারা সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিল। সরকারি বনভূমি ব্যক্তিগতভাবে বিক্রি বা বন্দোবস্ত দেওয়ার কোনো আইনি সুযোগ না থাকলেও দরিদ্র মানুষ জমি পাওয়ার আশায় প্রতারণার শিকার হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, চর জেগে ওঠার পর থেকেই সেখানে ভূমি দখল ও কেনাবেচাকে কেন্দ্র করে বিভিন্ন তৎপরতা শুরু হয়। জমির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতারিত অনেকেই এখন বিপাকে পড়েছেন।
বন বিভাগের কর্মকর্তারা যখন এই অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেন, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সরকারি দায়িত্ব পালনে বাধা, হুমকি প্রদান এবং অপরাধজনক বল প্রয়োগের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে প্রায় ২০ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, সরকারি জমি দখল, দায়িত্ব পালনে বাধা এবং প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তে আরও কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সরকারি বা বন বিভাগের জমি ব্যক্তিগতভাবে বিক্রি বা বন্দোবস্ত দেওয়ার নামে কেউ টাকা চাইলে তা যেন অবিলম্বে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাগলার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।





