বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য যা যা প্রয়োজন, কঠোর নিয়মনীতির মধ্য দিয়ে তা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করা হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল। এদিন এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ১১৮ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, সারিয়াকান্দি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম, মথুরাপাড়া বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ এবং ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোকছেদুল আলমসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তারা আরও মত প্রকাশ করেন যে, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।





