যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ (আইইইই ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টারনেট অব থিংস) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের মোট ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস বর্তমান সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক ও সময়োপযোগী বিষয়। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই আধুনিক প্রযুক্তিগুলোই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, প্রযুক্তির এই অগ্রযাত্রাকে সফল করতে তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে হবে। আমাদের কেবল প্রযুক্তির ব্যবহারকারী হওয়া চলবে না, বরং নতুন প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হতে হবে। তবে এই যাত্রায় মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বজায় রাখা জরুরি, যাতে প্রযুক্তির ব্যবহার সর্বদা জনকল্যাণে নিশ্চিত করা যায়। তিনি আয়োজক কমিটিকে এই সফল আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. ইঞ্জি ইমরান খান, জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম এবং টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের প্রভাষক আনিকা আঞ্জুম এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম। সম্মেলন শেষে সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয় এবং বিজয়ীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।





