অপপ্রচার না চালিয়ে ব্যর্থতা দূর করুন: সরকারের প্রতি জামায়াত আমিরের হুঁশিয়ারি

Published: November 3, 2026, 3:27 pm

বর্তমান সরকার তাদের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করার জন্য বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে নিজেদের ব্যর্থতা সমাধানের চেষ্টা করুন। তিনি আরও বলেন, মানুষ যদি দেখে আপনারা তাদের দুঃখ-দুর্দশা দূর করছেন, তবেই তারা আপনাদের সমর্থন করবে। অতীতের স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা বাংলাদেশে আর সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

কারাবন্দী মেজর (অব.) আখতারুজ্জামানের এক মাস কারাভোগ শেষে জামিনে মুক্তি উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমির বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা এখন বসন্তের কোকিল হয়ে এসেছেন, গ্রীষ্ম বা বর্ষাকালে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তারা আপনাদের ফেলে রেখে পালিয়ে যাবে।

ব্রিফিংয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি ও অব্যবস্থাপনা নিয়ে নিজের প্রতিবাদের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, ১ অক্টোবর জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য ও তাদের পরিবার ওমরাহ শেষে দেশে ফেরার পর লাগেজ পেতে দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। জমজমের পানিসহ মালামাল না পাওয়ায় তিনি প্রতিবাদ করেছিলেন। আখতারুজ্জামান দাবি করেন, প্রতিবাদের সময় তিনি কারও গায়ে হাত দেননি, অথচ তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও কর্মকর্তার গায়ে হাত দেওয়ার মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন আখতারুজ্জামান। তিনি বলেন, রিমান্ডে নিয়ে কেন চোখ বেঁধে জামায়াত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হলো? একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ তথ্য জানার অধিকার গোয়েন্দা পুলিশের আছে কি না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, পুলিশ বা ডিবি হয়ে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব কীভাবে চলে, তা জানার ন্যক্কারজনক সাহস তারা পেল কোথায়? তিনি মন্তব্য করেন যে, তার কারাবাসের এই ঘটনা বর্তমান সরকারের নগ্ন আক্রোশ ও প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo