বেসরকারি খাতের দুটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অংশ হিসেবে নতুন পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পর্ষদে তিনজন এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পর্ষদে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর নির্ধারিত ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রিমিয়ার ব্যাংক পিএলসির পর্ষদে যুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ। অন্যদিকে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ। দুই ব্যাংকের ক্ষেত্রই ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার বিধান অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছে।
তবে প্রিমিয়ার ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বর্তমানে অন্য একটি ব্যাংকের পর্ষদে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক পদে বহাল থাকায় তার দায়িত্ব গ্রহণের ওপর বিশেষ আইনি শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার নিয়ম রক্ষায় প্রিমিয়ার ব্যাংকে যোগ দেওয়ার আগেই ইউসিবির পদ থেকে তার পদত্যাগ নিশ্চিত করতে হবে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে।
অপরদিকে কমার্স ব্যাংকের পরিচালকদের নিয়োগের বিষয়টি ভিন্ন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে একটি চিঠির মাধ্যমে কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্তের তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়। এই নতুন নিয়োগের মাধ্যমে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদে নতুন পাঁচ সদস্য অন্তর্ভুক্ত হলেও, হঠাৎ এই নিয়োগের সুনির্দিষ্ট কোনো পটভূমি বা পর্ষদে অন্য কোনো রদবদল হচ্ছে কি না—সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক।





